ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’–তে হামলার ঘটনার জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। শনিবার দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ কথা জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপূর্ণ একটি মিশন শেষে জাহাজটি ইরানে ফিরছিল। সেই সময় কোনো ধরনের উসকানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয়, যাতে শতাধিক নৌসেনা নিহত হন। তিনি বলেন, “এই হামলার যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।”
মেজর জেনারেল হাতামি আরও বলেন, আইআরআইএস দেনা’র ক্রুরা ইরানি নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষা ও নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে আয়োজিত আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’–এ অংশ নেয় ইরানসহ ৭০টির বেশি দেশ। ওই মহড়ায় অংশ নিতে ইরান তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা পাঠিয়েছিল।
মহড়া শেষে দেশে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে জাহাজটি টর্পেডো হামলার শিকার হয়ে ধ্বংস হয় বলে জানা গেছে। এতে জাহাজে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী, যা শুক্রবার তেহরানে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

