AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন-এর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মোতায়েন থাকা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটিকে লক্ষ্য করে আঘাত হানে। তার ভাষ্য অনুযায়ী, ড্রোনটি জাহাজের দিকে ধেয়ে আসছিল এবং সম্ভাব্য আঘাতের আগেই সেটিকে ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

এদিকে, ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও ড্রোন ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরের আকাশে অবস্থান করছিল এবং পরে মার্কিন নৌবাহিনী সেটিকে ভূপাতিত করে। তবে কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে তারা এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একটি বড় নৌবহর। ইরানের ওপর কৌশলগত চাপ সৃষ্টির লক্ষ্যে এই নৌবহর বর্তমানে আরব সাগরে মোতায়েন রয়েছে।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। জানা গেছে, তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের বৈঠক আগামী শুক্রবার শুরু হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন চলমান রয়েছে।

সূত্র: রয়টার্স

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!