চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাবেক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সাইফুল চৌধুরীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামের আব্দুল জলিল চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল চৌধুরী জানান, তিনি ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ২৬ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে যান। চিকিৎসা শেষে গভীর রাত হয়ে যাওয়ায় তারা ছেলে সায়েম চৌধুরীর নগরীর বাসায় রাতযাপন করেন।
তিনি বলেন, “সোমবার সকালে বাড়িতে ফিরে দেখি, মূল দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতর থেকে লক করা। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি আলমারির তালা ভাঙা এবং ঘরের বিভিন্ন কাপড়চোপড় তছনছ করা হয়েছে। আলমারিতে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

