সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।
দুদকের পক্ষে আইনজীবী এস এম আবুল কালাম (আজাদ) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, এস কে সুরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই সম্পদ বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই বছরের ৬ নভেম্বর আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার বিচার চলাকালে সাতজন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

