নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সংঘটিত এ হামলার তথ্য স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা অতর্কিতভাবে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে আট শিশুর মৃত্যু হয়। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
নাগরিক সমাজভিত্তিক সংগঠন সাউদার্ন কাডুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্ক–এর চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার বলেন, রোববার গভীর রাতে কাউরা এলাকার নারিডন গ্রামে এ হামলা হয়। তিনি অভিযোগ করেন, গত বছরও একই সময়ে একই গ্রামে হামলা হয়েছিল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে।
এদিকে কাডুনা রাজ্যের স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কমিশনার সুলে শু`আইবু জানান, হামলার বিষয়ে তিনি এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন পাননি।
স্থানীয় বাসিন্দা ও যুবনেতা ইশায়া দাওয়া বলেন, হামলাকারীরা মধ্যরাতে গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি দাবি করেন, কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামটির একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, হামলার কয়েক ঘণ্টা পর সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, হামলার বিষয়ে তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

