দক্ষিণ মেক্সিকোতে ইন্টারওসেনিক রেলপথে চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
রোববার (২৮ ডিসেম্বর) ওয়াক্সাকা অঙ্গরাজ্যের নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। দুর্ঘটনার সময় ট্রেনটিতে আনুমানিক ২৫০ জন যাত্রী ছিলেন।
নৌবাহিনীর বরাতে সিএনএন জানায়, আসুনসিওন ইক্সটালটেপেক এলাকার মূল রেললাইনে চলাচলের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এ রেলপথটি ভেরাক্রুজ ও সালিনা ক্রুজ বন্দরকে সংযুক্ত করে।
মেক্সিকান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে ৩৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য ঘটনাস্থলে শতাধিক নৌসেনা ও জরুরি যান পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করার কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আর্নেস্টিনা গডয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারবিষয়ক উপসচিবকে দ্রুত ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেক্সিকান নৌবাহিনী পরিচালিত ইন্টারওসেনিক ট্রেনটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল ও মেক্সিকো উপসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে। ২০২৩ সালে চালু হওয়া এই রেলপথটি দক্ষিণ মেক্সিকোর অর্থনৈতিক উন্নয়ন এবং পণ্য পরিবহনে পানামা খালের বিকল্প রুট গড়ে তোলার লক্ষ্যে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের উদ্যোগে বাস্তবায়িত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

