বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারাবাহিকতায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার প্রতি লিটারে দাম কমানো হয়েছে ১৯ টাকা ২২ পয়সা। নতুন মূল্য মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ নতুন দর ঘোষণা করে। গত বছরের মে মাস থেকে সংস্থাটি প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করে আসছে।
বিইআরসির নির্ধারিত নতুন দরে দেশীয় ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা ৯৯ পয়সা, যা আগে ছিল ১৫০ টাকা ২১ পয়সা। যুদ্ধ শুরুর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা এবং তার আগের মাসে দুই দফায় মোট ৬১ টাকা ১২ পয়সা দাম কমানো হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চে দুই দফায় ১০৭ টাকা এবং এপ্রিলে ২৪ টাকা ৭৯ পয়সা দাম বাড়ানো হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। যুদ্ধ চলাকালে জ্বালানি স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠে। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমতে শুরু করে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও।
উল্লেখ্য, আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েলের দাম নির্ধারণ করত। পরে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জেট এ-১ ও ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো গণশুনানির মাধ্যমে জেট ফুয়েলের দাম নির্ধারণ করে সংস্থাটি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

