হেভি মেটাল ও রক মিউজিক ব্যান্ড ‘ওয়ারফেজ’। দীর্ঘ ৪২ বছরের গৌরবময় সংগীতযাত্রায় এবার যুক্ত হলো নতুন এক পালক।
দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যান্ডটি প্রকাশ করেছে তাদের বহুল প্রতীক্ষিত নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’। সোমবার (৬ জুলাই) ‘লয় রেকর্ডস’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির অডিও ও ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।
গানটি প্রকাশের মধ্য দিয়ে ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। ২০১২ সালের পর এটিই ব্যান্ডটির নতুন কোনো স্টুডিও অ্যালবামের প্রথম গান। ‘গিরগিটি’ গানটি কেবল একটি সিঙ্গেল ট্র্যাক হিসেবেই নয়, বরং ‘আপস্টুডিও প্রোডাকশন হাউজ’-এর ব্যানারে নির্মাণাধীন একটি আসন্ন চলচ্চিত্রের অংশ হিসেবেও দর্শকরা দেখতে পাবেন।
গানটির কথা লিখেছেন শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। চমৎকার এই গানটির সুর করেছেন শামস মনসুর গনি এবং বরাবরের মতোই দুর্দান্ত সংগীতায়োজন ও পরিবেশনায় ছিল পুরো ওয়ারফেজ দল।
চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্য সুপরিচিত আপস্টুডিও প্রোডাকশন হাউজ এই গানটির ভিজ্যুয়াল ও অ্যারেঞ্জমেন্টের কাজটি সম্পন্ন করেছে।
এই সিনেমাটি প্রযোজনা করছেন হামিদুল হাসান নবীন এবং পরিচালনার দায়িত্বে আছেন সৌরভ কুন্ডু। নতুন এই গানটির মুক্তি উপলক্ষে লয় রেকর্ডসের উদ্যোগে গত সোমবার রাজধানীতে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
ব্যান্ড দলটির জন্য ‘গিরগিটি’ গানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১২ সালের পর এটি তাদের আসন্ন অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান। এর আগে ওয়ারফেজের ঝুলিতে যুক্ত হয়েছে ৭টি কালজয়ী স্টুডিও অ্যালবাম- ‘ওয়ারফেজ’, ‘অবাক ভালবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’ এবং ‘সত্য’।
অ্যালবামের পাশাপাশি বিভিন্ন সময়ে লয় রেকর্ডসের ব্যানারে ওয়ারফেজের বেশ কিছু সিঙ্গেলস মুক্তি পেয়েছে, যার মধ্যে ‘মায়া’, ‘আলো ২’, ‘হারিয়ে তোমাকে’, ‘অন্ধ জীবন’ এবং ‘মা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০২১ সালে যাত্রা শুরু করা এই রেকর্ড লেবেলটি বাংলাদেশের বহুমাত্রিক সংগীত প্রতিভা ও ভিন্ন ঘরানার গানকে বিশ্বমঞ্চে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে তারা ওয়ারফেজের ৫টি সফল সিঙ্গেলস প্রকাশ করেছে, যা দেশের অন্যতম সেরা এই রক ব্যান্ডের সঙ্গে তাদের পেশাদার ও আত্মিক সম্পর্ককে আরও মজবুত করেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

