দেশের বাজারে আবারও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা (ভ্যাটসহ)।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মূল্য হালনাগাদের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম কমেছে ২ হাজার ৬৮২ টাকা, ফলে প্রতি ভরির নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে গত ৩ জুলাই ২২ ক্যারেট সোনার দাম এক দফায় ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে আরেক দফায় ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়। অর্থাৎ দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ার পর এবার দাম কমানোর সিদ্ধান্ত এলো।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারিত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

