২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতের তিনটি বিভাগের জন্য মোট ১ লাখ ২২ হাজার ৪৯৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৩৬ হাজার ৬২৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট উপস্থাপনকালে এ বরাদ্দের প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রাথমিক ও গণশিক্ষা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪৬ হাজার ৭৩৭ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ২৯৭ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ২১ হাজার ৪৪০ কোটি ৫৮ লাখ টাকা।
গত ২০২৫-২৬ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা।
পূর্ববর্তী অর্থবছরে এ বিভাগের বরাদ্দ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ১১ হাজার ৭৩৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৬ হাজার ৭২৩ কোটি টাকা।
গত অর্থবছরে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।
বাজেটের সামগ্রিক চিত্র
সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে জাতীয় সংসদে তা উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এতে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাকি অর্থ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণসহ বিভিন্ন উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতেই শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

