ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে, ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
এছাড়া একই আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংকটির পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকি আরও জোরদার হলো।
তবে পরিচালনা পর্ষদ বাতিলের পেছনে নির্দিষ্ট কোনো কারণ কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকেও অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা, তারল্য পরিস্থিতি ও গ্রাহকসেবা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত গ্রহণ করল। নতুন পরিচালনা পর্ষদ গঠন ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

