AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেলের অবদান জাতির জন্য গর্বের: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৪ পিএম, ৭ জুলাই, ২০২৬

চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেলের অবদান জাতির জন্য গর্বের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; বরং সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার ওপরও নির্ভরশীল। আর সেই ভিত্তি নির্মাণে মানসম্মত চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিসীম।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশে ঢাকা মেডিকেল কলেজ গত আট দশক ধরে যে অনন্য অবদান রেখে চলেছে, তা জাতীয় গর্বের বিষয়। এই ধারাবাহিকতা আরও শক্তিশালী করতে সরকার স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা অসংখ্য দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক দেশে-বিদেশে পেশাগত উৎকর্ষ, নেতৃত্ব এবং মানবসেবার মাধ্যমে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখেছেন।

তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে চিকিৎসাবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির দ্রুত বিকাশ স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা মেডিকেল কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধারণ করে ভবিষ্যতেও বিশ্বমানের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যনেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি দেশের স্বাস্থ্য গবেষণা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী দেশে-বিদেশে কর্মরত ঢাকা মেডিকেল কলেজ পরিবারের শিক্ষক, চিকিৎসক ও প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা এবং জাতীয় সংকটে সাধারণ মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!