দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর এলাকায় সংঘটিত মা-মেয়ের আলোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে পার্বতীপুর পৌর শহরের বালিকা বিদ্যাপীঠ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত ছবি রানী (৩৮) ও তার কিশোরী মেয়ে পল্লবী রানীর পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী উজ্জ্বল চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, নিহতের স্বামী, তার কথিত পরকীয়ায় জড়িত এক নারী এবং আরও কয়েকজন ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, এ নৃশংস ঘটনার পর নিহতদের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। তাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

