মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে জালালিয়া রোডসংলগ্ন ভুরভুরিয়া ছড়া থেকে বালু উত্তোলনের সময় অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার আব্দুল করিমের ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা ও ঘটনাস্থলে হাতেনাতে আটক হওয়ার পরিপ্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, প্রাকৃতিক পরিবেশ ও জলাশয় রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে একই দিন বিকেলে উপজেলার মোহাজেরাবাদ এলাকায় একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও মো. জিয়াউর রহমান। এ সময় তার সঙ্গে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

