মাদক আজ দেশের অন্যতম সামাজিক ব্যাধি। এর ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম, ভেঙে পড়ছে পরিবার ও সামাজিক বন্ধন। এই সংকটময় বাস্তবতায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া ও পাইকদিয়া গ্রামের মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে আইকদিয়া গ্রামের উত্তর নাওরা মাঠে মাদকবিরোধী যুব ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন স্থানীয় যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির সম্ভাবনাকে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ অত্যন্ত জরুরি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
সমাবেশে বক্তব্য দেন মিজান, কামাল শেখ, তুহিন, জাহিদুল ফকির, মনির হোসেন, নজরুল শেখ, লিমন, জাহিদ মজুমদার, শাহিদুল মজুমদার ও জিহাদ মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছানাউল ফকির।
স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ অবস্থান শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার একটি সামাজিক অঙ্গীকার। দুই গ্রামের মানুষের এই উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলনে নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

