প্রিয়াঙ্কা চোপড়া-জন্মগতভাবে ভারতীয় হলেও এখন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী। বিশ্বজুড়ে তার বিচরণ, জনপ্রিয়তা। আজ এ সফল অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ দিনে অদেখা রূপ নিয়ে হাজির তিনি।
অবশ্য এই অদেখা রূপ তার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে সামনে এনেছেন নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মাণাধীন ছবি ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সে চরিত্রেরই দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।
‘বারাণসী’র ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘আরো নতুন অভিযান, আরো আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…।’
একটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যায় রহস্যময় ও ভয়ংকর আবহে। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার লুককে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। পোস্টারের মূল আকর্ষণ তার তীক্ষ্ণ দৃষ্টি।
দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাকে উচ্ছ্বসিত ভঙ্গিতে আকাশে লাফ দিতে দেখা যায়। পেছনে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ।
সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটিকে নির্মাতারা বর্ণনা করেছেন—একজন দুর্ধর্ষ, বিশ্বভ্রমণকারী নারী হিসেবে; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল ও মনে রাখার মতো।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

