মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর দিকনির্দেশনায় হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর বাজারে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের তত্ত্বাবধানে এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হাসান। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোমেজ উদ্দিন মোমেজ, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

