কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করতে পুরনো কমিটি বিলুপ্ত করে আট সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ২০২২ সালের ২৯ মে গঠিত ৪১ সদস্যের আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব আবুল হাশেম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাতজন নেতা।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আলহাজ্ব আবুল হাশেমের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো: মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো: ওসমান গনি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।
তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, নতুন এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
দায়িত্ব পাওয়ার পর থেকে নতুন নেতৃত্বের প্রতি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো: ওসমান গনি ভূঁইয়াকে জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে।
রাজনৈতিক সচেতন মহলের মতে, কুমিল্লা উত্তর জেলায় বিএনপির সাংগঠনিক ভীত মজবুত করা এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের রাজপথে আরও সক্রিয় রাখার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নতুন নেতারা আগামী দিনে তৃণমূলকে সাথে নিয়ে দলকে আরও শক্তিশালী ও বেগবান করে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন জেলা বিএনপির তৃণমূল কর্মীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

