নওগাঁর মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান (কামরুল) স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা এই সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতেই তাঁকে এ জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়।
জাতীয় এ সম্মাননা অর্জনের পর এক প্রতিক্রিয়ায় এস এম মোখলেসুর রহমান (কামরুল) বলেন, “এই সম্মান তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তাদের সহযোগিতা, আস্থা ও ভালোবাসা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”
এদিকে তাঁর এ গৌরবময় অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

