কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আয়োজন করে। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথম রানার্সআপ হয় তিলাই উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন তিলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিয়া ইবনাত আন্নি।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

