খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ উঠেছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) বিরুদ্ধে।
স্হানীয়দের সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ১নং মুড়াপাড়া এলাকায় নতুন রাস্তার নির্মানকাজ চলাকালে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ১নং মুড়াপাড়া এলাকায় রাস্তার নির্মাণকাজ চলাকালীন কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে শ্রমিকদের জিম্মি করে প্রচন্ড মারধর করে। এসময় কাজে নিয়োজিত মাটিরাঙ্গা পৌরসভা এলাকার বাসিন্দা আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন, বেলাল হোসেনসহ মোট ১৬ জন শ্রমিক গুরুতর আহত হন।
দীর্ঘ তিন কিলোমিটার নির্মানাধীন এই প্রকল্পের বরাদ্দ প্রায় তিন কোটি টাকা। বিপুল পরিমাণের আর্থিক বাজেট থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নির্মানকারী প্রতিষ্ঠান যথা সময়ে চাঁদার টাকা পরিশোধ না করায় শ্রমিকদের ওপর এমন হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আঞ্চলিক সংগঠক নিশান মারমা জানান, এধরণের কোন ঘটনার সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের সংগঠনকে জড়ানো হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল ঘটনাস্থল হতে শ্রমিকদের উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
গুইমারা থানার ওসি সৌরাবর্দী জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

