গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের প্রশংসায় সীমাবদ্ধ না থেকে জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরা উচিত।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, গণমাধ্যম খাতকে আরও শক্তিশালী ও স্বাধীন করতে সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে প্রণীত নীতিমালার মাধ্যমে গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যার সমাধানের পথ নির্ধারণের আশা করা হচ্ছে।
অন্যদিকে, বৈঠক শেষে গণমাধ্যম প্রতিনিধিরা টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী এ সময় দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

