রাজশাহীর তানোরে ১বছর ৬মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলীর ভাই মৃত ইসমাইল হোসেনের পুত্র সবুজ (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা স্থানীয় একটি বাড়িতে কাজ করতে গেলে তাঁর সঙ্গে শিশুকন্যাও ছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর সবুজ শিশুটিকে খেলাধুলার কথা বলে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খোঁজ নিতে গিয়ে অভিযুক্ত কিশোর সবুজের বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। সেখানে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ১০ জুন তানোর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর সবুজকে গ্রেফতার করেন। অভিযুক্ত কিশোর সবুজ কলমা ইউনিয়নের নজিপুর হাট গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র।
তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, শিশুধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

