মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুহৃদ আড্ডার আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্ট প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিবেদক ইসমাইল মাহমুদ, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিলেট বিভাগীয় সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক এবং দৈনিক কালবেলার শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে দাস সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শান্তিবাড়ি ইকো রিসোর্টের স্বত্বাধিকারী তানভীর সরকার লিংকনের উদ্যোগে আয়োজিত ‘মৌসুমী ফল উৎসব-২০২৬’-এ অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমী ফল উপভোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তানভীর সরকার লিংকন বলেন, “প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় শান্তিবাড়ি ইকো রিসোর্ট প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সাল থেকে বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রিসোর্টে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।”
তিনি জানান, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রিসোর্টে ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক একটি সিগনেচার বোর্ড স্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে স্বাক্ষর করছেন।
তানভীর সরকার আরও জানান, আগামী ২৬ জুন রিসোর্টের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণবিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এতে প্রকৃতি ও পরিবেশবিষয়ক দেশের খ্যাতনামা লেখক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।
আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, বায়ুদূষণ, পানিদূষণ, প্লাস্টিক ও মেডিকেল বর্জ্য, বন উজাড়, পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ ক্রমাগত হুমকির মুখে পড়ছে। পরিবেশ সংরক্ষণ এখন শুধু প্রকৃতি রক্ষার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও টেকসই উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।
তারা আরও বলেন, “দূষণ কমাই, গাছ লাগাই, বন রক্ষা করি, পাহাড় ধ্বংস বন্ধ করি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলি”—এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে অতিথিরা রিসোর্ট এলাকায় রোপণ করা বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ বৃক্ষ পরিদর্শন করেন। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ শতাধিক প্রজাতির বৃক্ষরোপণের তথ্য তুলে ধরেন।
অতিথিরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে শান্তিবাড়ি ইকো রিসোর্টের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের সব স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

