বান্দরবানের দুর্গম কুরুকপাতা ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) কুরুকপাতা মৈত্রী স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর চিকিৎসক ও চিকিৎসা সহায়ক কর্মীরা স্থানীয় জনগণের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
আলীকদম জোন সূত্রে জানা যায়, দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে মোট ২৭৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ৬৭ জন নারী এবং ৭৬ জন শিশু রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডও বাস্তবায়ন করা হচ্ছে।
এ বিষয়ে আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এমন চিকিৎসা সহায়তা অত্যন্ত উপকারী। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

