চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে কয়েকজন যুবকের সঙ্গে আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর আলী। খেলার একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
মিজানুর রহমান আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

