জয়পুরহাটের কালাই উপজেলায় পাশের বাড়ির পুকুরে পানিতে ডুবে মারা গেছে দুই বছরের এক নিষ্পাপ শিশু। শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
আজ সকাল(৪ জুন) পৌনে ১০টার দিকে কালাই পৌরসভার আঁওড়া কালিমহর মহল্লার দড়াগাড়ি নামক পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়। শিশুটি ওই এলাকার জুয়েল রানার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোবায়ের বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে স্বজনরা ছুটে আসেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। মাত্র দুই বছর বয়সী শিশুর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। প্রতিবেশীরা জানান, জোবায়ের ছিল সবার আদরের শিশু। কয়েক মুহূর্তের অসতর্কতায় এমন দুর্ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেননি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, খেলতে খেলতেই শিশুটি পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

