AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়কের কাজ শেষের আগেই কালভার্ট-ব্রিজ নির্মাণের দাবি



সড়কের কাজ শেষের আগেই কালভার্ট-ব্রিজ নির্মাণের দাবি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর রূপায়ণ সাংস্কৃতিক সংগঠন এলাকা থেকে উজিরপুর পৌর সদরের নাজিরের বাড়ির ব্রিজ পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজ চলছে। বরিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ সড়কের কাজ প্রায় তিন মাস আগে শুরু হলেও একটি ভাঙা কালভার্টের কারণে পুরো প্রকল্পের কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ শেষ হওয়ার আগেই জরুরি ভিত্তিতে কালভার্ট ও প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ না হলে বহু প্রতীক্ষিত এই সড়ক কার্যত অচল হয়ে পড়বে এবং জনসাধারণের ভোগান্তি আরও বাড়বে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণ শুরুর আগে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু) পরিবহনের সময় গুরুত্বপূর্ণ একটি কালভার্ট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে অভিযোগ রয়েছে, ওই কালভার্ট পুনর্নির্মাণ ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন করেছে।

এলাকাবাসীর মতে, পূর্ব ধামসর থেকে উজিরপুর উপজেলা সদর পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এটি ধামসর এলাকা থেকে শেরে বাংলা বালিকা বিদ্যালয়, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন, থানা কমপ্লেক্স ও উজিরপুর বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত এ সড়কের কারণে কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী মো. সাইদুর রহমান ইকবাল বলেন, “কালভার্ট ছাড়া যদি রাস্তার কাজ শেষ করা হয়, তাহলে বহু প্রতীক্ষিত এই সড়কটি কার্যত জনসাধারণের কোনো কাজে আসবে না।”

সাবেক শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা বলেন, “সড়কে পিচঢালাইয়ের আগেই ভাঙা কালভার্ট পুনর্নির্মাণ এবং খোলনার মোড় ব্রিজ, আটিপাড়া বাজারের ব্রিজ ও আন্ধিরপাড় এলাকায় বক্স কালভার্ট নির্মাণ করা জরুরি। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে ছোট যানবাহনের চাপ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।”

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব দ্রুত কালভার্ট নির্মাণকাজ শুরু করা হবে।”

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান, “খুব শিগগিরই কালভার্টের কাজ শুরু হবে।”

এদিকে স্থানীয়দের আশঙ্কা, সড়কে বিটুমিন ও পিচঢালাইয়ের কাজ শেষ হওয়ার আগেই যদি কালভার্ট ও প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ শুরু না হয়, তাহলে ভবিষ্যতে প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়তে পারে। তাই সড়ক কাজ সম্পন্নের আগেই প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!