চলতি বাজেট ঘোষণার পর এবারই প্রথম বাজারে কোনো পণ্যের দাম বাড়েনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে বিমানে বিভিন্ন পত্রিকা পড়ার সময় তিনি লক্ষ্য করেন, সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে যে অতীতের বাজেট ঘোষণার পর সাধারণত বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেত। তবে এবারের বাজেট উপস্থাপনের পর এমন পরিস্থিতি দেখা যায়নি।
তার ভাষায়, “এবারের বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। যে বাজেটের কারণে বাজারে মূল্যবৃদ্ধি ঘটে না, সেটিই জনগণের কল্যাণে প্রণীত বাজেট।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে বিভিন্ন ওষুধ ও চিকিৎসাসংশ্লিষ্ট খাতে কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন।
জনসভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়েও বক্তব্য দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

