চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়। পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার নিকটবর্তী এলাকায় রেখে আসা হয়। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “পুশইনসহ সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

