মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, দেশে শ্রমিক জনসংখ্যা অনেক বেশি হলেও তাদের দাবি একদিনে পূরণ করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। শ্রমিকদের নানা দাবি-দাওয়া রয়েছে। সরকার নতুন এসেছে, আমরা পর্যায়ক্রমে এসব দাবি পূরণে কাজ করব।”
এমপি নাসের রহমান বলেন, শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বীমা ব্যবস্থা চালু করা জরুরি। তিনি বলেন, “ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় বীমা ছাড়া কোনো যানবাহন রাস্তায় নামতে পারে না। অথচ বাংলাদেশে এ ব্যবস্থা কার্যকর নয়।”
তিনি আরও বলেন, দেশে বীমা খাত দুর্বল হওয়ায় জিডিপিতে এর অবদান খুবই কম। বাধ্যতামূলক বীমা চালু হলে দুর্ঘটনা, চুরি বা ক্ষতির ক্ষেত্রে শ্রমিক ও মালিক উভয়ই উপকৃত হবে।
নাসের রহমান বলেন, “বীমা ব্যবস্থা কার্যকর হলে গাড়ি চুরি হলেও ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। কিন্তু আমাদের দেশে অনেক সময় সঠিক নিয়ম না মানার কারণে সমস্যা তৈরি হয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ব্যাংক ও বীমা খাত কাঙ্ক্ষিতভাবে বিকশিত হয়নি। এসব ক্ষেত্রে শৃঙ্খলা আনতে হবে।”
সভায় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, শহরে টমটম ও সিএনজিচালিত যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং শ্রমিকদের জন্য অফিস স্থাপনের বিষয়গুলো বিবেচনা করা হবে।
জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তিনি শেষ পর্যন্ত বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

