সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলা-২০২৬’। আগামী ১৩, ১৪ ও ১৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে।
মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ বইমেলায় বইয়ের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন।
দিনব্যাপী বইমেলার ১৩ এপ্রিল সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আকমল হোসেন মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।
মেলার প্রতিদিনের আয়োজনে থাকছে ভাষা ও সাহিত্যবিষয়ক আলোচনা, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, দেশাত্মবোধক গান, লোকসংগীত, নাটক, নৃত্য এবং পুরস্কার ও সম্মাননা প্রদান।
আয়োজকরা জানান, বইমেলায় সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ, রোভার স্কাউট, বিএনসিসিসহ সিলেটের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবেন।
মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের বলেন, বইমেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি সবার অংশগ্রহণে মেলাকে প্রাণবন্ত করার আহ্বান জানান। প্রতি বছরের মতো এবারও লেখক-প্রকাশকেরা নতুন বই নিয়ে হাজির হবেন পাঠকদের সামনে। আয়োজকেরা আশা করছেন, বইপ্রেমীদের পদচারণায় জমে উঠবে মেলা প্রাঙ্গণ।
তারা জানান, শেষদিনে সাধারণত বই কেনার ধুম পড়ে যায় এবং মেলার সময় শেষ হলেও স্টলগুলোতে পাঠকের ভিড় থাকে। বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে অনেকে মেলায় এসে বই কিনে ঘরে ফেরেন—এবারও তার ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা আয়োজকদের।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

