অসুস্থতার সময় আমরা যাদের কাছে সর্বপ্রথম সাহায্যের আশ্রয় খুঁজি, তারা হলেন চিকিৎসক। তাদের মধ্যে কিছুজন শুধুমাত্র পেশাগতভাবে নয়, মানবিকতাবোধ ও সহমর্মিতার মাধ্যমে রোগীর জীবন রক্ষা করে থাকেন। ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে কর্মরত গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাব্বি সাবা এমনই একজন মানবিক ডাক্তার।
শাহজালালের পুণ্যভূমি সিলেটের পাঠানটুলার কৃতি সন্তান সাব্বি সাবা মূলত হতদরিদ্র, অসহায় ও গরীব মানুষের বন্ধু হিসেবে পরিচিত। রোগীর সাথে তার আচরণ এবং মনোযোগী চিকিৎসা প্রদানের কারণে তিনি রোগীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
ডাক্তার সাব্বি সাবা প্রসূতি রোগ এবং অন্যান্য নারীরোগের চিকিৎসা দেন। তার রোগীরা জানান, তিনি রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সব সময় হাসোজ্জল আচরণ করেন। প্রয়োজন ছাড়া অতিরিক্ত পরীক্ষা দেন না এবং অনেক ক্ষেত্রে গরীবদের ফি ছাড়াই চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
সাব্বি সাবা বলেন, “আজকাল কিছু চিকিৎসক অযথা পরীক্ষা নিরীক্ষা দিয়ে রোগীর জন্য অর্থনৈতিক ও মানসিক বোঝা সৃষ্টি করেন। গরীব ও অসহায় মানুষদের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা মানুষের সেবক, আমাদের উচিত সমাজে মানুষের কল্যাণে নিয়োজিত থাকা।”
ডাক্তার সাব্বি সাবা সিলেটের পাঠানটুলা এলাকার মরহুম হাফেজ আব্দুর রহমানের কন্যা। তার দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। শিক্ষাজীবন শেষে তিনি ঢাকায় চিকিৎসা শিক্ষা গ্রহণ করেন এবং এরপর পাবনার একটি হাসপাতালে কাজ শুরু করেন। পরে দক্ষিণ খাঁন পারিবারিক হাসপাতাল, ফুরচুন হাসপাতাল এবং Lab King & General Hospital-এ সুনামের সাথে সেবা প্রদান করেন। বর্তমানে তিনি ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে কর্মরত।
রোগী ও অভিভাবকদের মতে, তার মানবিকতা, সঠিক চিকিৎসা প্রয়োগ এবং সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য চিকিৎসকের তুলনায় আলাদা করে। সাব্বি সাবা তার সেবার মাধ্যমে মানুষের জীবন ও স্বাস্থ্যকে সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

