ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে নবনির্বাচিত এমপি ডা. ইকরামুল বারী টিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে নবনির্বাচিত এমপির বাসভবনের নিচতলায় নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তারা বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সমর্থনের ফলে এই বিজয় সম্ভব হয়েছে। মান্দার উন্নয়নে নবনির্বাচিত এমপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
ডা. ইকরামুল বারী টিপু নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মান্দাবাসীর বিজয়। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।” তিনি আরও যোগ করেন, “মান্দার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি সমৃদ্ধ ও উন্নত মান্দা গড়ে তুলতে চাই।”
এ সময় মান্দা উপজেলা বিএনপির সিনিয়র ও যুগ্ম নেতৃবৃন্দসহ উপজেলা যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. টিপু প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একজন পরিচিত চিকিৎসক হিসেবেও স্থানীয় জনগণের কাছে সুপরিচিত। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক তৎপরতা তার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

