মুন্সীগঞ্জের মাওয়া ও লৌহজং এলাকা ঘিরে এখন ধীরে ধীরে গড়ে উঠছে ছোট কিন্তু আকর্ষণীয় একটি নদীভিত্তিক পর্যটনকেন্দ্র। নদীর মাঝখানে ভাসমান হাউস বোট, পদ্মা সেতুর মনোমুগ্ধকর দৃশ্য, সূর্যাস্ত, চরভ্রমণ আর নিরিবিলি পরিবেশ-সব মিলিয়ে এটি হয়ে উঠছে ঢাকার কাছাকাছি একটি নতুন ভ্রমণ গন্তব্য।
ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। মাত্র ১ থেকে দেড় ঘণ্টার পথ। তাই সকালে গিয়ে রাতেই ফেরা সম্ভব।
যেখানে রয়েছে প্রকৃতির নীরব সৌন্দর্য ও বাংলার নদীকেন্দ্রিক জীবনযাপন খুব কাছ থেকে দেখার সুযোগ।
নদীর ওপরে বসে সূর্যাস্ত দেখা, পদ্মা সেতুর নিচ দিয়ে নৌকা চলা, নদীর বাতাস আর নিরিবিলি পরিবেশ—সব মিলিয়ে শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময় দূরে থাকার জন্য এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
এ ছাড়া এখানকার হাউস বোট ট্যুরিজম পরিচালনাকারীরাও অতিথিদের জন্য রাখছেন বিভিন্ন অ্যাক্টিভিটিজ। ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন আউটডোর গেমস, গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন। যেমন-হাঁড়িভাঙ্গা, বিস্কুট দৌড়সহ আরো অনেক।
সবচেয়ে মজার বিষয় হলো এই খেলাধুলার আয়োজন পদ্মার চরেই হয়ে থাকে। আর এই চরগুলোর অন্যতম আকর্ষণীয় একটি দিক হলো এখানে এলে সমুদ্র তীরের অনুরূপ অনুভূতি।
কিভাবে যাবেন?
ঢাকা থেকে মাওয়া বা লৌহজং যেতে সময় লাগে প্রায় ১ থেকে ১.৫ ঘণ্টা। ব্যক্তিগত গাড়িতে, গুলিস্তান থেকে সরাসরি বাসে, রাইড শেয়ার সার্ভিসে অথবা নির্দিষ্ট হাউজবোটের নিজস্ব গাড়িতে।
খরচ কেমন?
হাউস বোট ভ্রমণের খরচ নির্ভর করে প্যাকেজ ও সুবিধার ওপর। সাধারণত ডে ক্রুজ : জনপ্রতি প্রায় ২ থেকে ৪ হাজার টাকা, এসি/নন এসি বা যানবাহন সুবিধার ওপর খরচ কম বেশি হতে পারে।
নিরাপত্তা ও ব্যবস্থা?
হাউস বোট ভ্রমণগুলোতে সাধারণত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। যেমন লাইফ জ্যাকেট, লাইফ বয়া, অগ্নি নির্বাপক ব্যাবস্থা, অভিজ্ঞ নৌ-চালক, সুপারভাইজার ও স্টাফ উপস্থিতি। যা ভ্রমণকে করে তোলে আরও নিশ্চিন্ত ও আরামদায়ক।
কিভাবে বুকিং করবেন?
পদ্মা নদীতে এই হাউস বোট ভ্রমণের জন্য সাধারণত আগাম বুকিং প্রয়োজন হয়। বিশেষ করে ঈদের পরবর্তী ছুটি বা সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণকারীর সংখ্যা বেশি থাকায় নির্দিষ্ট সময়ের আগেই আসন পূর্ণ হয়ে যেতে পারে।
সাধারণত হাউস বোট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই বুকিং করা হয়। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ বা ফোন নম্বরের মাধ্যমে ট্রিপের তারিখ, প্যাকেজ ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যায়। এছাড়া ফেসবুকে হাউস বোটের নাম লিখে সার্চ করলেই পাওয়া যাবে তাদের পেজ বা ফেসবুককেন্দ্রিক ট্যুর গ্রুপগুলোতেও এই তথ্য পাওয়া যাচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

