আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে প্রচার মিছিল করেছে পাবনার ভাঙ্গুড়া পৌর কৃষক দল।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মিছিলটি ভাঙ্গুড়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় শরৎনগর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে।
প্রচার মিছিল শেষে ভাঙ্গুড়া পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন বলেন, “পাবনা জেলার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।”
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় দলীয় নেতা-কর্মীরা চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন।
চাটমোহর: ২ লাখ ৬০ হাজার ১১৭ (পুরুষ ১ লাখ ৩০ হাজার ৬৬৯, মহিলা ১ লাখ ২৯ হাজার ৪৪৮) ।
ভাঙ্গুড়া: ১ লাখ ৮ হাজার ৯৬৮ (পুরুষ ৫৪ হাজার ২৮৭, মহিলা ৫৪ হাজার ৬৭৯; হিজড়া ভোটার ২ জন) ।
ফরিদপুর: ১ লাখ ১৭ হাজার ৭১৯ (পুরুষ ৫৮ হাজার ৯৮০, মহিলা ৫৮ হাজার ৭৩৫; হিজড়া ভোটার ৪ জন)।
এসময় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাসির, ভাঙ্গুড়া পৌর কৃষক দলের আহ্বায়ক রফিজ উদ্দিন, পৌর যুবদল নেতা আল-আমিন হোসেন, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শিপন আলী, পৌর কৃষক দল ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ বিপুল সংখ্যক কৃষক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

