বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের দৌরাত্ম্য এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের উৎখাত করা হবে। আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, তাহলে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে বিজয়ী করুন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শেরপুরের নকলায় বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
২৮ জানুয়ারি বুধবার শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় রাকিবুল ইসলাম বলেন, অনুষ্ঠানে জামায়াতের উগ্রবাদীরা বিভিন্ন জেলা থেকে তাদের ক্যাডার বাহিনী এনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এবং চেয়ার ছুড়ে আমাদের নেতাকর্মীদের মারধর করে উল্লাস করেছে এবং তাদের মিটিং থেকে বের করে দিয়েছে।
জামায়াতকে ‘মোনাফেক’ উল্লেখ করে রাকিবুল ইসলাম বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা যদি চাই, আমাদের নেতা আছে—তারা যদি সিদ্ধান্ত নেন, তাহলে এই মোনাফেকদের (জামায়াত) কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। তিনি বলেন, আমরা যা চাইব, তা জনগণকে সঙ্গে নিয়ে করার সামর্থ্য আমাদের রয়েছে। বিএনপি সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে, তার সন্ত্রাসীদের চোখে চোখ রেখে রাজপথে ছিল। কোনো দিন আপোষ করেনি। আপনারা যে ভাষায় কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্য দিচ্ছেন, আমরা আপনাদের সতর্ক করছি। সতর্ক না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
রাকিবুল ইসলাম আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছর নকলা-নালিতাবাড়ীর রাজপথে জামায়াতের কোনো মিছিল দেখা যায়নি। জামায়াতে ইসলামের নেতাকর্মীদের বক্তব্য ইসলামের সঙ্গে যায় না। তারা দেশে একটি ভ্রান্ত ধারণার ‘মওদুদীবাদ’ প্রতিষ্ঠা করতে চায়। তারা যদি এ ধরনের গুপ্ত রাজনীতি ও ইসলামের বিভেদমূলক রাজনীতি বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু সুফিয়ান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক অভি প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

