AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পটুয়াখালী-৩

প্রতীক বরাদ্দ, ভোটযুদ্ধ শুরু



প্রতীক বরাদ্দ,  ভোটযুদ্ধ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ায় পটুয়াখালী-৩ আসন আলোচিত কেন্দ্রেরূপে উঠে এসেছে। এই আসনটি গঠিত গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসারের আয়োজনে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো।

এবার বিএনপি ও গণ অধিকার আসন সমঝোতা করার কারণে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী নেই। তবে বিএনপি সমর্থিত, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পেয়েছেন তার দলীয় প্রতীক ‘ট্রাক’। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ‘ঘোড়া’। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোট প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম পেয়েছেন ‘দাড়িপাল্লা’ প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক পেয়েছেন ‘হাতপাখা’।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত থেকে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফ, উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাত্তলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীসহ বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, প্রতীক হাতে পাওয়ার পরপরই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে। তবে সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে এবং উসকানিমূলক বক্তব্য বা আচরণ থেকে বিরত থাকতে হবে। তিনি আরও জানান, ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ ভোটের পাশাপাশি ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী-৩ আসনে গলাচিপা ও দশমিনার দুই উপজেলা, একটি পৌরসভা এবং ১৯টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮। মোট ভোটকেন্দ্র ১২৪টি, গলাচিপায় ৮০টি এবং দশমিনায় ৪৪টি। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এখনো চূড়ান্ত হয়নি।

নদী ও চরবেষ্টিত দুর্গম এলাকা থাকার কারণে ভোট পরিচালনায় চ্যালেঞ্জ রয়েছে। গলাচিপার চরবিশ্বাস, চরখালী, বকুলবাড়িয়া এবং দশমিনার আলীপুরা, বাঁশবাড়িয়া, রণগোপালদী এলাকায় শীতকালীন কুয়াশা, নৌযান নির্ভর যোগাযোগ এবং দুর্বল ইন্টারনেট সমস্যার কারণে সময়মতো ভোট সামগ্রী পৌঁছানো, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রশাসনের যথাযথ সমন্বয় না থাকলে ভোটার উপস্থিতি কমতে পারে।

প্রার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও তৎপরতা বাড়তে শুরু করেছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম সরেজমিনে শুরু হয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে এবং ভোটপ্রার্থী প্রতিটি ইউনিয়নে গণসংযোগে মনোনিবেশ করছেন।

পটুয়াখালী-৩ আসনটি ভোটার সংখ্যা ও ভৌগলিক অবস্থানের কারণে চ্যালেঞ্জিং বলে ধরা হয়। চরবেষ্টিত ও নদীপ্রধান এলাকা ভোটার উপস্থিতি ও নির্বাচনী কার্যক্রম পরিচালনায় বিশেষ প্রস্তুতি দাবি করছে। প্রশাসনের পাশাপাশি প্রার্থীদেরও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।


একুশে সংবাদ/ওজি

Link copied!