সেন্টমার্টিনে পর্যটক তোলার ঠিক আগমুহূর্তে কক্সবাজারে নোঙর করা একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ক্রুসহ অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে। সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেন।
নিহত কর্মচারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য একজন কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার চার ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি। এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, সেন্টমার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ঘাটে ভেড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। জাহাজটি নদীর মোহনায় দাউদাউ করে জ্বলতে থাকে। এতে এক কর্মচারীর মৃত্যু হয়। স্থানীয়রা ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে জাহাজের ক্রু সদস্যসহ ১৫ জনকে নিরাপদে তীরে নিয়ে আসেন।
স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে পর্যটক তোলার জন্য জাহাজটি ঘাটে আসছিল। হঠাৎ ধোঁয়া এবং পরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও দীর্ঘ সময়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এ ঘটনায় সেন্টমার্টিনগামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে অপেক্ষমাণ প্রায় ২০০ যাত্রীর মধ্যে ১২০ জনকে বিকল্প তিনটি জাহাজে পাঠানো হয়েছে। বাকি যাত্রীরা রোববার সেন্টমার্টিনে যেতে পারবেন বলে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে দুটি জাহাজ ছাড়তে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।
সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে প্রতিদিন নিয়মিতভাবে ছয়টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

