বগুড়ায় মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে আসা ৫ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে তার নানা। নিহত বন্ধন কুমার দাস (৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খানসামা গ্রামের রবি কুমার দাসের ছেলে। রবি কুমার তার শ্বশুরবাড়ি সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে থাকেন।
বন্ধনকে হত্যার পর তার নানা (মা কাকলী রানী দাসের মামা) নিজ ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে বসে ছিলেন।
পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। সুকুমার দাস (২৫) সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামের ঝুমুর দাসের ছেলে। সম্প্রতি স্নাতক পাশ করে বগুড়া আইন কলেজে ভর্তি হন সুকুমার।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, কাকলী রানী গত মঙ্গলবার তার নানীর বাড়ি শশীবদনী গ্রামে ছেলে বন্ধনকে সাথে নিয়ে হরিবাসর অনুষ্ঠানে যান।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাকলীর মামা সুকুমার বন্ধনসহ দুই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে যায়। এসময় সে ধান কাটার কাঁচি দিয়ে শিশু বন্ধনের গলায় আঘাত করলে অন্য শিশুটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন ওই শিশুর কাছ থেকে বিষয়টি জানার পর গিয়ে রক্তাক্ত অবস্থায় বন্ধনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন বলেন, সুকুমার হত্যার কারণ সম্পর্কে কোন কিছু জানায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিশুর লাশ শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/কা.ক/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

