প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের অংশ হিসেবে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন। পরে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়।
সিলেটে পৌঁছে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তার। কর্মসূচি শেষ করে বিকেল পৌনে ৬টায় তিনি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তার সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর ও সড়কের বিভিন্ন পয়েন্টে তাকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২ মে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমবার সিলেট সফর করেছিলেন। তবে এবারের সফরে সিলেট জেলায় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি—সব কর্মসূচিই মৌলভীবাজারকেন্দ্রিক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

