পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। মোট ১৪২টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে আনা হয়েছে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৩৮০ জন রয়েছেন।
এদিকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক হাজিকে পরিবহন করেছে। সংস্থাটি ২৪ হাজার ৫৭২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সৌদি এয়ারলাইনস ২০ হাজার ৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ৭১৬ জন হাজি দেশে ফিরেছেন।
এ পর্যন্ত মোট ১৪২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭০টি, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৫ হাজার ৪১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩টি সেবা দেওয়া হয়েছে।
চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

