আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ জমা দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ দাখিল করে।
অভিযোগ দাখিলের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযোগগুলো এখনও আমি পড়ে দেখিনি। একটি অভিযোগ দিয়েছে আজাদ পার্টি, আরেকটি দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম। অভিযোগ আমাদের কাছে এলে সাধারণত তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রেও অভিযোগ আমার কাছে উপস্থাপিত হলে তদন্ত সংস্থায় পাঠিয়ে দেব। এর বাইরে এ মুহূর্তে আমার কিছু বলার নেই।”
রাষ্ট্রসংলাপ ফোরাম জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক। এ তালিকায় অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, অভিনেতা রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানা এবং মোমিন মেহেদীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ দাখিল করা হলেও এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল বা তদন্ত সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা মন্তব্য জানানো হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

