AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৯ এএম, ২৪ জুন, ২০২৬

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

বিশ্বকাপের মঞ্চে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে বড় জয় উপহার দেওয়ার পাশাপাশি গড়েছেন নতুন রেকর্ডও। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৫-০ গোলের দাপুটে জয় পেয়েছে পর্তুগাল।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি টানা ছয়টি পৃথক বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান।

১৭তম মিনিটে নুনো মেন্ডেস ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে পর্তুগাল। ৬০তম মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় রাফায়েল লেয়াও গোল করে পর্তুগালের বড় জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে পর্তুগালের আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন রোনালদো। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্যও একাধিক সুযোগ তৈরি করেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

এদিনের জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার কীর্তিও নিজের করে নিয়েছেন রোনালদো। এতে তিনি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন।

৪১ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসরে তার এমন পারফরম্যান্স নতুন করে প্রমাণ করেছে, বড় ম্যাচে এখনও তিনি পর্তুগালের অন্যতম ভরসার নাম। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বের পথে নিজেদের অবস্থানও আরও শক্ত করেছে পর্তুগাল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!