বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচটিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার, যিনি দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন।
ব্রাজিলিয়ান সমর্থকদের আশা, দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে নেইমারের উপস্থিতি দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলছে সেলেসাওরা।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ ৪২তম স্থানে থাকা স্কটল্যান্ড। দুই দলের সামনেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার সুযোগ রয়েছে। জয়ী দল সরাসরি পরের রাউন্ডে উঠবে, আর পরাজিত দলকে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
‘সি’ গ্রুপে ব্রাজিল এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় তারা। একই সংখ্যক পয়েন্ট রয়েছে মরক্কোরও।
অন্যদিকে, স্কটল্যান্ড হাইতিকে হারালেও মরক্কোর কাছে পরাজিত হয়েছে। ফলে দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। নকআউট পর্বে উঠতে স্কটিশদের জন্য ব্রাজিলের বিপক্ষে জয় প্রায় অপরিহার্য।
ব্রাজিল শিবিরে অবশ্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাফিনহার চোট। হাইতির বিপক্ষে ম্যাচে আহত হওয়া বার্সেলোনা তারকার স্কটল্যান্ডের বিপক্ষে খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে।
পরিসংখ্যান ও পূর্বাভাসে অবশ্য এগিয়ে রয়েছে ব্রাজিল। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচটিতে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭০ শতাংশেরও বেশি।
এরই মধ্যে আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্স নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ব্রাজিলও আজকের ম্যাচে জয় পেলে সেই তালিকায় নাম লেখাবে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইটি সেলেসাওদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

