ক্রিস্টিয়ানো রোনালদো আরও একটি অনন্য কীর্তি গড়েছেন বিশ্বকাপের মঞ্চে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন।
ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর পাস থেকে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়ান রোনালদো। সেই গোলের মাধ্যমে তিনি কিংবদন্তি ইউসেবিওর বিশ্বকাপ গোলসংখ্যাকে স্পর্শ করেন। পরে প্রথমার্ধের ৩৮তম মিনিটে আরও একটি গোল করে ইউসেবিওকে ছাড়িয়ে যান পর্তুগিজ এই তারকা।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে রোনালদোর বিশ্বকাপ অভিষেক হয়। ওই আসরে ইরানের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল আসে তার পা থেকে।
তবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার সবচেয়ে সফল আসর। সেই টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেন তিনি। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে একটি গোল যোগ করেন নিজের ঝুলিতে।
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ, যা পর্তুগালের হয়ে সর্বোচ্চ।
এছাড়া ম্যাচের প্রথম গোলটি করে ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা, যিনি ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর বয়সে গোল করেছিলেন।
আরও একটি রেকর্ড গড়েছেন রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে তিনি এখন ১১টি ভিন্ন মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করা প্রথম ইউরোপীয় ফুটবলার। এর আগে জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা এবং সুইজারল্যান্ডের জারদান শাকিরি ছয়টি করে আসরে গোল করেছিলেন।
দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়া রোনালদো আবারও প্রমাণ করলেন, বয়স তার পারফরম্যান্সে খুব কমই প্রভাব ফেলতে পেরেছে। বিশ্বকাপের মঞ্চেও তিনি এখনো পর্তুগালের অন্যতম বড় ভরসা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

