বকেয়া বেতন ও ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে তেজগাঁও, মহাখালীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট ও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে লাভ রোড এলাকায় নাসা গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন। অবরোধে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, শ্রমিকদের সড়ক ছেড়ে যেতে অনুরোধ করা হলেও তারা অবস্থান ছাড়েননি, ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা অভিযোগ করেন, মে মাসের বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, ডিম্বেরের এরিয়া বিল এবং নোটিশ পে-বিল এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি তারা সার্ভিস বেনিফিটসহ সব বকেয়া ১০০ শতাংশ পরিশোধের দাবি জানান।
তাদের দাবি, শ্রম আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব পাওনা পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের হয়রানি, মামলা বা চাপ সৃষ্টি করা যাবে না।
এ ঘটনায় পুরো তেজগাঁও এলাকায় যানজটের তীব্র চাপ তৈরি হয়েছে এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

