ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি ও বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রি ও ব্যবহার করার অভিযোগে হাসিব নামে একজনকে জরিমানা করা হয়।
অভিযানকালে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ এবং সালথা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকটি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অনিয়মের সত্যতা পাওয়া যায়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা নষ্ট করে মাটি কাটা এবং পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “কৃষিজমির উর্বর মাটি নষ্ট করে অবৈধভাবে উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

