রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় ব্যবসায়ী লোকমান (৪৫) আহত হয়েছেন।
রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, গুলিবিদ্ধ লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, লোকমান মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে ১৭ হাজার মার্কিন ডলার ছিল বলে জানা গেছে।
ওসি জানান, লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

