নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
শনিবার (২৫ জুলাই) আন্দোলনকারী সংগঠন ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নকে তিনি রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দেশসেবার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে সিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা হলে সরকারের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না তারা।
আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে ছিল বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

